ঈদুল আযহায় জায়নামাজ ও ছাতা ছাড়া অন্যকিছু নিয়ে জাতীয় ঈদগাহে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গতকাল রোববার বিকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের কাছে অনুরোধ- তারা জায়নামাজ ছাড়া অন্য কিছু বহন করতে পারবেন না। তবে বৃষ্টি থাকলে ছাতা সঙ্গে আনা যাবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ঈদগাহের বাইরে ও ভেতরে ৩-৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ এবং অন্যান্য গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে এখানে দায়িত্ব পালন করবেন। আগত সবাইকে আর্চওয়ে তল্লাশির মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে।

মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের চারপাশে ৮৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে বলেও জানান পুলিশ প্রধান। তিনি বলেন, রাষ্ট্রপতিসহ ঈদগাহে আগত ভিভিআইপি ও ভিআইপিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

আইজিপি বলেন, ঈদে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই, তারপরও সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

জেড