মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে গাংনী-বারাদী সড়কের হাড়িয়াদহ মাঠে এ বন্দুকযুদ্ধ হয়।
পুলিশের দাবি, নিহতরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে একটি এলজি শাটারগান, দুটি কার্তুজ, ২টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে হাড়িয়াদহ মাঠে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই সড়কের পাশে অবস্থিত এসএবি ইটভাটার পাশে সন্দেহভাজন কয়েকজনের জড়ো হওয়ার খবর পেয়ে অভিযানে যায়।
উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ।
পরে চাঁদাবাজরা পিছু হাটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহত দুই ব্যক্তির লাশ গাংনী থানায় রাখা আছে।
এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
বন্দুকযুদ্ধের সময় পালিয়ে যাওয়া চাঁদাবাজদের আটকে অভিযান চলছে বলেও জানান ওসি।
এমই





