রাজধানীর বাড্ডায় তাসলিমা বেগম রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো— মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩) বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।

ওসি রফিকুল ইসলাম জানান, ছবি ও ভিডিও ফুটেজ দেখে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, রেণু হত্যা মামলায় এর আগে আরও সাত জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২।

উল্লেখ্য, গত ২০ জুলাই (শনিবার) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে ছেলেধরা গুজবে তাসলিমা বেগম রেনুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রেনুর ভাগিনা নাসির উদ্দিন।

এএস