গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আলী ইমাম সিকদার (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২৫ যাত্রী।

শনিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী ইমাম সিকদার সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের মৃত সাউথ সিকদারের ছেলে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু রাঈম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী রিফাত এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে গাড়ি খাদে পড়ে যায়।

বাসটি দুমড়ে-মুচড়ে গেলে আলী ইমাম সিকদার ঘটনাস্থলে নিহত হন। অপর ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

গুরুতর আহতরা হলেন, কপিল দেব বিশ্বাস (৩০), সুধাংশু মন্ডল (৩০) ও অরুন কৃর্ত্তনিয়াকে (৫০) গোপালগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কেএইচ