গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার শুক্রবার দুপুরে একটি পোল্ট্রি ফিড কারখানায় ট্রাকচাপায় ওই ট্রাকের হেলপার শাহিন (৩০) নিহত হয়েছেন।
নিহত শাহিন নাটোর জেলা সদরের পিটিআই মোড়ের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ ট্রাকচালক ও ট্রাকটি আটক করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ভুট্টাবোঝাই একটি ট্রাক (বগুড়া ট -১১-০৫৮১) সকাল ৯টার দিকে নিউ ফিড মিল নামে একটি পোল্ট্রি ফিড কারখানায় আসে। পরে রাতভর ভ্রমণের ক্লান্তিতে হেলপার ট্রাকের নিচে ঘুমিয়ে পড়ে। পরে দুপুর ২টার দিকে ট্রাকচালক ভুট্টা আনলোড করার জন্য ট্রাকটি স্টার্ট দেয়। এতে হেলপার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
শ্রীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





