জলবায়ু পরিবর্তন, জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশকে ২০৮ মিলিয়ন (২০ কোটি ৮০ লাখ) ইউরো সহযোগিতা দেবে জার্মানি।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কাযার্লয়ে জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ’র এক সৌজন্য সাক্ষাতে এ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতেও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সাক্ষাতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
এ সময় বাংলাদেশের উন্নয়নের ধারা সঠিক পথে এগুচ্ছে বলেও জার্মান রাষ্ট্রদূত মন্তব্য করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আরো বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে জার্মানিকে সহযোগী করতে বলেছেন প্রধানমন্ত্রী।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের ভাইস চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন।
কেএইচ





