নীলফামারীতে ট্রাকচাপায় মশিউর রহমান (১০) নামে ৪র্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ কাজীরহাট গ্রামের শাহ আলমের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছে খোকন নামে তার এক বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় খোকনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জলঢাকা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুপুরে নিহত মশিউর বিন্যাকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপবৃত্তির টাকা তুলে বাইসাইকেলে তার বন্ধু খোকনসহ বাড়ি ফিরছিল। বাড়ির অদূরে রংপুর-ডালিয়া সড়কের বিন্যাকুঁড়িতে পৌঁছলে বুড়িমারীগামী একটি ট্রাক (নোয়াখালী-ট-০৫-০০৮৭) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যায়। আহত হয় তার বন্ধু খোকন। এলাকাবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি জানান, এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ