শামীমা পারভীন বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে কর্মরত আছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একই আদেশে ঢাকা জেলার বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নারী নেতৃত্বের দক্ষতা প্রমাণের ক্ষেত্রে শামীমা পারভীনের এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নড়াইল জেলার কৃতি সন্তান শামীমা পারভীন ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মক্ষেত্রে অত্যন্ত দক্ষ এই কর্মকর্তা আন্তর্জাতিক মহলেও বেশ সুপরিচিত। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর এবং ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী। ছাত্রজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং জাবি শাখা ও কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে। পুলিশ প্রশাসনের এই নিয়মিত রদবদলের অংশ হিসেবে শামীমা পারভীনের নেতৃত্বে ঢাকা জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএম