৬ দিন পর অবশেষে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ফইল্যাতলী এলাকা থেকে চুরি যাওয়া ৫ মাসের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার শিশুটি তার মায়ের কোলে ফিরেছে। একই সঙ্গে শিশুকে চুরি করে নেয়া আয়েশা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।
এদিকে পাহাড়তলী থানার ওসি এ কে এম আজিজুর রহমান সাঙবাদিকদের জানান, গত ২৮ জুলাই ভোরে শিশুটিকে নিয়ে ঢাকায় চলে যায় আয়শা। ঢাকা বিমানবন্দর এলাকায় ভিক্ষা করার সময় গত ৩১ জুলাই দিবাগত রাতে আয়েশার কোলে শিশুটি খুবই কান্নাকাটি করছিল।
তখন বিমানবন্দর থানা পুলিশের সন্দেহ হলে তারা আয়েশাকে আটক করে চট্টগ্রামর পাহাড়তলী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঢাকা থেকে আয়েশা ওই শিশুটিকে চট্টগ্রামে নিয়ে আসে।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই আয়েশা আক্তার (১৯) নিজের অসহায়ত্ব প্রকাশ করে ফইল্যাতলী এলাকায় জনৈক সদীপ হোসেনের বাসায় আশ্রয় নেয়। আয়েশাকে দিয়ে গৃহস্থালি কিছু কাজও করাতো।
গত ২৮ জুলাই ভোরে জয়নাব ঘুম থেকে উঠে দেখেন আয়েশা এবং তার ৫ মাসের মেয়ে শিশু বাসায় নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোন হদিস পাওয়া যায়নি।এরপর জয়নাব আক্তার পাহাড়তলী থানায় এবং র্যাব কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন।
ওসি জানান, শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম





