স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে নিয়োগ প্রত্যাশীরা।
সোমবার সকাল ১০টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ৯ জেলায় সিভিল সার্জনের দফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে নিয়োগ প্রত্যাশীরা।
সোমবার অবস্থান কর্মসূচি চলাকালে দুপুর পৌনে ১২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ড. নাসিমা সুলতানা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার আশ্বাস দেন।
আন্দোলনকারীরা বলছেন, ২০১২ সালে ময়মনসিংহ, নোয়াখালী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, নরগাঁ, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও বরিশাল জেলা সিভিল সার্জনের কার্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২০১৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে অধিদফতর। পরে আদালত ও মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাতিলকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি স্বাস্থ্য অধিদফতর।
ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবিতে সোমবার সকাল রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করে দেড় শতাধিক নিয়োগ প্রত্যাশী।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) বলেন, আমাদের ডিজি অসুস্থ। তিনি সুস্থ হয়ে অফিসে ফিরলে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি বলেন, আন্দোলনকারীরা আশ্বাস পেয়ে তাদের কর্মসূচি প্রত্যাহার করে ফিরে গেছেন।
এ ব্যাপারে আন্দোলনে অংশ নেয়া বাইরুল হক জানান, স্বাস্থ্য অধিদফতরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে দেখা করে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করার আশ্বাস দিয়েছেন। ডিজি নাকি অসুস্থ। আমরা তাদের আশ্বাসে বিশ্বাস রাখতে চাই। আবারো সময়ক্ষেপন করা হলে পরবর্তীতে আমরণ অনশন কর্মসূচি দেয়ার হুমকিও দেন তিনি।





