পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের কোন জামাত অনুষ্ঠিত হবে না।

জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে হাজার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

শুক্রবার (১৪ মে ) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।

নামাজের আগে দূর দূরান্ত হতে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদে আসতে শুরু করেন। মসজিদের ভিতরে নামাজের জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ পড়েন।

মসজিদের প্রবেশ পথে জীবাণুনাশক স্প্রে করা হয়। যাদের মুখে মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক সরবরাহ করছেন মসজিদ কর্তৃপক্ষ। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মুসল্লিরা সবাই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে।

এদিকে নিরাপত্তার জন্য বায়তুল মোকাররম এলাকায় পুলিশ ও র‌্যাব সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে আরও ৪টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার (১৪ মে) সকাল ৮টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

তৃতীয় জামাত শুক্রবার (১৪ মে) সকাল ৯টা অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মাওলানা ইসহাক।

শুক্রবার (১৪ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মো: আতাউর রহমান।

পঞ্চম ও সর্বশেষ জামাত শুক্রবার (১৪ মে) সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে। এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো: শহীদুল্লাহ।

এই ৫টি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

বতর্মান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরন করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এমবি