মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে।
সংশোধিত রুটিন অনুসারে, ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে এবং ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংশোধিত রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম এতথ্য জানান।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ রাখা হয়। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ভোটের দিন পড়ায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠায় ভোট পিছিয়ে নেওয়া হয় ১ ফেব্রুয়ারি, আর পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় ৩ ফেব্রুয়ারি।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন।
আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী। এ বছর নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন। বিশেষ পরীক্ষার্থী (১-৪ বিষয়ে) দুই লাখ ৮২ হাজার ৫৯৮ জন।
এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।
২০১৯ সালে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিলো ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন। সে হিসাবে এবার মোট পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৫৪ জন।
পরীক্ষার সূচি দেখুন ক্লিক করুন
এএস





