নোয়াখালীর পৌরসভায় নির্মাধীণ একটি ব্রিজের পাইলিং ভেঙে মনা মিয়া (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মনা মিয়া ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছিমপুর গ্রামের তোফায়েলের খেবা এলাকায় একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। সকালে রিকশা থামিয়ে ব্রিজের পাশে দাঁড়িয়ে নির্মাণ কাজ দেখছিলেন মনা মিয়াসহ কয়েকজন। এসময় হঠাৎ করে ব্রিজের পাইলিংয়ের কাজে ব্যবহৃত বোরিং পাইপ ছেঁড়ে গিয়ে নিচে থাকা মনা মিয়ার মাথায় পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মৃতদেহ ময়না তদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআই