ভর্তি জালিয়াতি চক্রে জড়িত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির এক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের ব্যবহৃত হওয়া একই ডিভাইস ও ব্লু-টুথ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে দিকে নগরীর চকবাজারের বাদুরতলা এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ইশতিয়াক আহমদ চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সহ সম্পাদক। তিনি নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও চবি ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে আরও একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৫ অক্টোবর) আটক হওয়া জালিয়াতি চক্রের সদস্য নাজমুলের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় ইশতিয়াকের কাছে দুটি হিয়ারিং ডিভাইস, দুটি ব্লু-টুথ ও বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া যায়। যে ডিভাইসগুলো ঢাবি ভর্তি পরীক্ষায় ব্যবহৃত হয়েছে।

তাদের সঙ্গে ঢাবির ওই চক্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এই চক্রের আরও বেশ কয়েকজন রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

অভিযান পরিচালনা করা বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক আবছার উদ্দিন রুবেল বলেন, ‘আটক ইশতিয়াক আহমেদের কাছে দুটি ডিভাইস ও দুটি ব্লুটুথসহ বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। তার সঙ্গে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বুধবার আটক নাজমুল কবিরের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। ’

তিনি বলেন, তাদের সঙ্গে ঢাবির বড় জালিয়াতি চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

মাসুম/জেড