লালমনিরহাটে ছিনতাই করা অটোরিক্সা বিক্রি করার সময় ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এই তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।
আটককৃতরা হলেন- মুলহোতা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুলতান বাহাদুর এলাকার মৃত আমিনুলের ছেলে আলমগীর হোসেন(২৬), একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে শহিদুল ইসলাম(২৩), নজরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন(২৫), লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি এলাকার শের আলীর ছেলে আলমগীর হোসেন(৩৫), একই উপজেলার রতিপুর গ্রামের ধনিয়া মামুদের ছেলে শাহ জামাল(২২), রংপুর কাউনিয়া উপজেলার নিচপাড়ার আব্দুর জব্বারের ছেলে শফিকুল ইসলাম(৩৮), একই উপজেলার পাঞ্জার ভাঙ্গার আব্দুর রহমানের ছেলে আব্দুল জলিল(৩১), সাবদী গ্রামের জহুরুল হকের ছেলে জাহিদুল ইসলাম(২৫), জয়নাল আবেদীনের ছেলে শফিকুল ইসলাম(২৮), নাজিরদহ গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আলমগীর হোসেন(২৬) ও রংপুর শহরের হাবীব নগরের মৃত ওসমানের ছেলে পারভেজ(৩০)।
পুলিশ জানায়, অটোরিক্সা ছিনতাই করার জন্য ৫/৬ জন যাত্রী বেশে অটোরিক্সা ভাড়ায় ঘুরে বেড়ান। পথিমধ্যে চা বিরতি নিয়ে চালককে চায়ের সাথে চেতনানাশক ঔষধের মাধ্যমে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে অটোরিক্সা পালিয়ে যায়। অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে ছিনতাইকারীরা।
এই খবরে লালমনিরহাট জেলা পুলিশ কুড়িগ্রাম ও রংপুর জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১১ সদস্যকে আটক করে। এসময় আটককৃতদের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া তিনটি অটোরিক্সাও উদ্ধার করে পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় দুইটি মামলায় দায়ের করে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
নুরনবী/এমবি





