ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শিমরাইল সাইনবোর্ড পর্যন্ত আজমঙ্গলবার ভোর রাত থেকে দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে থেমে থেমে গাড়ি চলায় কর্মব্যস্ত মানুষ ও ঈদে ঘরমুখী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক যাত্রীরা পায়ে হেটে গন্তব্যে যেতে বাধ্য হয়েছে।

কুমিল্লাগামী যাতায়াত পরিবহনের যাত্রী আলমগীর হোসেন ও রাব্বি মিয়া জানান, সাইনবোর্ড সেতু থেকে মেঘনা সেতু পার হতেই আমাদের প্রায় ৩ ঘন্টা সময় বাসে বসে থাকতে হয়েছে।

লক্ষীপুর গামী মায়ের দোয়া পরিবহনের যাত্রী মানসুরা আক্তার ও সামিরা আক্তার জানায়, তীব্র যানজটেবসে থেকে বৃদ্ধ, নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। একই বাসের যাত্রী লিলি আক্তার বলেন, আমার ৬মাসের বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। তীব্র যানজটে অসহনীয় গরম ও ধূলাবালিতে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। এই পর্যন্ত সে পাঁচ বার বমি করেছ।

চট্টগ্রাম গামী যাত্রী জোহরা আক্তার জিতু ও শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, এত পুলিশ সদস্যরা মহাসড়কে দায়িত্ব পালন করার পরও কেন যানজটের কবলে পড়তে হয় আমাদের। তারা জানায়, পুলিশের কতিপয় সদস্যদের চাদাঁবাজীর কারনেই আমাদের যানজটের কবলে পড়তে হয়।

চট্টগ্রামগামী মামুন পরিবহনের বাস চালক কামাল হোসেন জানান, সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত আসতে আমাদের দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে। মহাসড়কের গাড়ীর চাপ বেশী থাকার কারনে এ যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া শিমরাইল থেকে কাঁচপুর ও মদনপুর এলাকায় দুটি সিগন্যাল পার হয়ে আসতে হয়েছে তারপর আবার মেঘনা সেতু এলাকায় হাইওয়ে পুলিশের আরেকটি সিগন্যাল। ফলে যানজট আরো দীর্ঘ হয়েছে।

সরকারী চাকুরীজীবী কুমিল্লাগামী যাত্রী জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৭ টায় চিটাগাংরোড থেকে বাসে উঠে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পৌছাতে ১০টা বেজে যায়। এতে অফিসের কার্যক্রমে মারাত্বকভাবে ব্যাঘাত ঘটেছে। তিনি বলেন, ঈদকে সামনে রেখে প্রশাসনের নজরদারী না বাড়ালে ঈদে ঘরমুখী মানুষের চরম দূর্ভোগ পোহাতে হবে।

কক্সবাজার গামী গ্রীনলাইন পরিবহনের চালক এম মাকসুদুর রহমান বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। মেঘনা সেতু এলাকা থেকে প্রতিদিন যে যানজটের সৃষ্টি হচ্ছে তাতে করে ঈদে ঘরমুখী মানুষের দূর্ভোগের শেষ থাকবেনা।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সরদার জানান, মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় অতিরিক্ত গাড়ির চাপ ও মেঘনা সেতুতে ধীর গতিতে গাড়ি উঠার কারনেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে আমরা প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহন করছি। আশাকরি আগামীকাল থেকে যানচলাচল স্বাভাবিক হবে।

ইকবাল/এমবি