চলতি মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আগামী পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, চলতি মাসে দিনের ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। তবে গত মাসের তুলনায় নভেম্বরে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে।
নভেম্বরের প্রথমদিনও লঘুচাপ ছিল। সাগরে তিন নম্বর সতর্কতা দেখাতে বলে। সোমবার সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়।
আবহাওয়াবিদরা বলছেন, নভেম্বর মাসে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ডিসেম্বরের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। হেমন্তে সন্ধ্যা-রাত ও ভোরে কুয়াশা থাকা বা হালকা বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতালু ভাব বাড়বে। সে সময় উত্তুরে হাওয়া না বইলেও মধ্য কার্তিকে ঝিরঝিরে বৃষ্টি থাকলে শীতের অনুভূতি বাড়িয়ে দেয়।
এমআর





