বগুড়ার আদমদীঘি উপজেলাধীন সান্তাহার পৌরশহরের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর জানান, উপজেলার ছোট আখিরা গ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশা যোগে নারী-শিশুসহ একই পরিবারের সদস্যরা সান্তাহার শহরের পোতাহার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রোকেয়া বেওয়া (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। রোকেয়া ছোট আখিরা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত হন- রাবেয়া বেওয়া (৫০) , ফেন্সি বেগম (৩০) আকলিমা খাতুন (৪০), তার ছেলে আরাফাত (৫) ও অটোরিকশা চালক ইউনুছ আলী (৩০)। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেন। এদের মধ্যে রাবেয়া বেওয়া বিকেল ৪টার দিকে মারা যান।
এমএম





