চারটি দাবি বাস্তবায়নের দাবিতে সরকারকে এক মাস সময় বেঁধে দিয়েছে দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

ওই দাবিগুলো হল- প্রধানমন্ত্রী ঘোষিত প্রধানশিক্ষকদের উন্নীত স্কেলে বেতন নির্ধারণ, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্বতন্ত্র স্কেল প্রদান, সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ হিসেবে বিবেচনা করে শতভাগ পদোন্নতি এবং টাইমস্কেল/ সিলেকশন স্কেল বহাল রাখা।

শনিবার এক বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম তোতা এই আল্টিমেটাম দেন।

তিনি বলেন, “আগামী ১৪ অক্টোবরের মধ্যে দাবিনামা পূরণ না হলে ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাপনী পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পরিস্থিতির যে কোন অবনতির ক্ষেত্রে সরকারকে দায়-দায়িত্ব নিতে হবে।”

দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা প্রাথমিক শিক্ষকরা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১৯ ও ২০ সেপ্টেম্বর- দু’দিন কর্মবিরতি ঘোষণা করেছিলেন।

শনিবার ছিল সেই কর্মবিরতির প্রথম দিন।

এএইচ