টাঙ্গাইলের ভূঞাপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। নিহত চোরের নাম জোয়াদ আলী (৪০) বলে জানা যায়।
শুক্রবার ভোরে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে লাশ উদ্ধার করেছে পুলিশ।
জোয়াদ আলী উপজেলার গাবসারা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কাঠ মোহর আলীর ছেলে।
এলাকাবাসী জানান, ভোরে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামের ফজল মিয়ার খামারে জোয়াদ আলী ও তার সহযোগী নাসির এবং ইয়াকুব আলী গরু চুরি করতে যান। পরে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুর মালিক চিৎকার দেন।
এসময় আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই জোয়াদ আলী মারা যান। এসময় গুরুতর আহত হন বাকি ২ জন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, গরু চুরি করার সময় গণপিটুনিতে জোয়াদ আলী মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই চোরকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
এসএইচ





