মুন্সীগঞ্জে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে হাজরা চ্যানেলে জেগে ওঠা ডুবোচরে আটকে পড়া দুইটি রো রো ফেরি দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধারকারী টাগ জাহাজ ফেরি দুইটি উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের লৌহজং-হাজরা চ্যানেলে জেগে ওঠা ডুবোচরে দুইটি রো রো ফেরি আটকা পড়ে। ওই দুই ফেরিতে অর্ধশতাধিক যানবাহনের প্রায় ৫ শতাধিক যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া কার্যালয়ের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, উদ্ধারকারী টাগ জাহাজ দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আটকে পড়া রো রো ফেরি রুহুলআমিন ও শাহপরানকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ফেরি দুইটি বর্তমানে নিজ গন্তব্যেও উদ্দেশে রওনা হয়েছে।
তিনি জানান, নৌ চ্যানেলটি সরু হওয়া, তার মধ্যে ডুবোচর জেগে ওঠা ও পানি কম থাকায় ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।
বর্তমানে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ১৮টি ফেরি চলাচলের মাধ্যমে যাত্রী পারাপার করা হচ্ছে।
এর মধ্যে ১৬টি ফেরি আগের এবং ঈদকে সামনে রেখে আরও ২টি ফেরি যুক্ত করা হয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এসএইচ





