নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত দলের আট সদস্যের মৃত্যুর ঘটনায় দুটি মামলায় কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভোরে পুরিন্দা বাজারে ডাকাতির ঘটনায় আটজনের মৃত্যু হয়, যাদেরকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।
এই ঘটনায় থানার এস আই আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি মামলা করেন। এতে উল্লেখ করা হয়, ডাকাতির সময়ে স্থানীয় উত্তেজিত জনতার হামলায় আটজনের মৃত্যু হয়। মামলায় কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

অন্যদিকে ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর ভূইয়া বাদী হয়ে তার ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির অভিযোগে একটি মামলা করেন। এতে ডাকাতির ঘটনায় নিহত আটজনের নাম উল্লেখ করে গ্রেফতারকৃত চার ডাকাতসদস্যকে আসামি করা হয়।
অভিযোগে যাদের নাম দেওয়া হয়েছে, তারা হলেন- গণপিটুনিতে নিহত ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শওকত (৩০), একই গ্রামের রুবেল (২৮), জুয়েল ওরফে টিটু (৩২) ও নোয়াখালী জেলার রাজীব ওরফে রনি (৩৫)। নিহত অপর চারজনকেও অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে ডাকাতির ঘটনায় আহত চারজন মানিক (২৫), লোকমান (২৮), সজীব (২৭) ও সাব্বিরসহ (২২) আরো কয়েক জনকে আসামি করা হয়।
এর মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল রামপুর এলাকার মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির ও চাঁদপুর কালীবাড়ি এলাকার ওসমান বেপারীর ছেলে লোকমান।
এমকে





