ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার করার হুমকি দিয়েছে বিহারীদের সংগঠন "উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট"।
রোববার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বিহারীদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন ও পুনর্বাসন ছাড়া ক্যাম্প উচ্ছেদের চক্রান্তের প্রতিবাদে ইউএসপিওয়াইআরএম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।
সমাবেশে ইউএসপিওয়াইআরএম'র সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু বলেন, ক্যাম্প উচ্ছেদ না করতে প্রথমে হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আপীল করলে আপীল বিভাগও ওই আদেশ বহাল রেখেছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই আদেশের তোয়াক্কা না করে ক্যাম্প উচ্ছেদের প্রস্তুতি নিচ্ছে। উচ্ছেদের তারিখ পর্যন্ত নির্ধারণ করে আমাদের ক্যাম্পের বিভিন্ন এলাকায় লাল দাগ দিয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বিহারীরা আতংকে জীবনযাপন করছে। যদি উত্তর সিটি কর্পোরেশন আদালতের এই আদেশ না মেনে ক্যাম্প উচ্ছেদ করে তবে আমরাও বসে থাকবো না। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবো।
তিনি বলেন, পুনর্বাসন ছাড়া কোনোভাবেই আমরা উচ্ছেদ মেনে নেবো না। আমরা কেউ নিজের ইচ্ছায় ক্যাম্পে থাকছি না। আমাদেরও ঘর-বাড়ী ছিল। আমাদের জায়গা থেকে বেদখল হওয়ার পর সরকার ও আন্তর্জাতিক রেড ক্রস আমাদের এই ক্যাম্পগুলোতে বসবাস করার জায়গা করে দিয়েছিলেন। এখন যদি সেই জায়গা গুলো নিতে হয় তাহলে অবশ্যই আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমরা ১ ইঞ্চি জায়গাও ছাড়বো না।
বিহারীদের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা দ্রুত বাস্তবায়ন ও পুনর্বাসন ছাড়া ক্যাম্প উচ্ছেদের চক্রান্ত বন্ধের দাবি জানান তিনি।
উর্দুভাষীদের পুনর্বাসনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা বাস্তবায়ন করতে কিছু অসাধু কর্মকর্তারা তালবাহানা করে যাচ্ছে। এসব করে তারা সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিহারীরা।
ইউএসপিওয়াইআরএম'র সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলুর নেতৃত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুর রাশেদ খান বিরেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিদ আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রেজা খান, প্রচার সম্পাদক মোঃ কামাল, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম, যুবনেতা আসিফ ইকবাল প্রমুখ।
এসএম





