ব্লগার ও গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী নিলাদ্রী চট্টোপাধ্যায়ের (নিলয় নীল) মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্পন্ন হয়েছে।
শনিবার (০৮ আগস্ট) বেলা সোয়া ১১টায় ঢামেকের ফরেনসিক বিভাগের চিকিৎসক মো. হোসেন এ ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ময়নাতদন্ত শেষে ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর হাবিবুজ্জামান চৌধুরী জানান, নিলয়ের মরদেহে ধারালো অস্ত্রের ছোট-বড় ১৪টি আঘাত রয়েছে। এর মধ্যে গলা ও থুতনির আঘাতসহ ৮টি মারাত্মক জখম রয়েছে। এসব আঘাতেই নিলয় মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, নিলয়ের পিঠ, ঘাড়, হাত ও হাতের আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা নিশ্চিত করতেই এলোপাতাড়ি কোপানো হয়েছে তাকে।
এর আগে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হিরু মোল্লা।
ব্লগার নিলয়ের চাচা অ্যাডভোকেট বিমল চট্টোপাধ্যায় জানান, খবর পেয়ে শুক্রবার রাতে পিরোজপুর থেকে ঢাকা এসেছেন তিনি।
নিলয় তার বাবা তারাপদ চট্টোপাধ্যায় ও মা অর্পণা চট্টোপাধ্যায়ের একমাত্র ছেলে সন্তান। জয়শ্রী নামে তার একটি বোন রয়েছে।
তিনি আরও জানান, হস্তান্তরের পর নিলয়ের মরদেহ পিরোজপুর সদর থানার চলিশায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এমকে





