রংপুর জেলার গঙ্গাচড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তায় বিলীন হওয়ার পথে পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা। তিস্তার করাল গ্রাসে ৫০ পরিবারের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। মূল বাঁধে আঘাত হানছে তিস্তার পানি। পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার পরিবার।
হুমকির মুখে রয়েছে এতিমখানা, প্রথিমিক বিদ্যালয়, পোস্ট অফিস, মসজিদ ও সাউথপাড়া ইসলামিয়া বহুমুখী মাদ্রাসা।

প্রবল বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে গত কয়েকদিনে আলমবিদিতর ইউনিয়নের হাজীপাড়া, ব্যাংকপাড়া, কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়া ও লক্ষ্মীটারী ইউনিয়নের বিজয় বাঁধসহ বিভিন্ন স্থানে দুই কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এর ফলে বিলীন হতে চলেছে হাজীপাড়া পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসাটি। ইতোমধ্যেই ৩০০ পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে চার হাজার পরিবার। কয়েকশ একর আবাদি জমির ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে গাছপালা ও পুকুরের মাছ। হুমকির মুখে হুমকি মুখে রয়েছে এতিমখানা, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস ও মসজিদ। স্বেচ্ছাশ্রম বাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে সাউথপাড়া ইসলামিয়া বহুমুখী মাদ্রাসা। ফলে পাঠদান কর্মসূচি বন্ধ রয়েছে।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়, তিস্তার ভয়াল ভাঙনের কবলে পড়েছে পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসাটি। যেকোনো সময় তিস্তায় বিলীন হয়ে যাবে। এছাড়াও পীরপাড়া ও হাজীপাড়ার জহুরুল, ইউছুফ, হাসেম, সফিয়ার, মোরছালিন মোশারফ, আমিনুর ইসলাম পীর সাহেবের বসতবাড়িসহ ৫০ পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে সহস্র পরিবার। ভয়ে কেউ কেউ বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। ভাঙন এলাকায় আহাজারি শুরু হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।

পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসার সুপার আব্দুল বাকের জানান, তিস্তার কবলে মাদ্রাসার আংশিক ভেঙে গেছে যেকোনো সময় সম্পূর্ণ বিলীন হতে পারে।

আলমবিদিতর ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন জানায়, তিস্তা নদীর ভাঙনে ৫০ পরিবারের ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। পাইকান ইউসুফিয়া ফাজিল মাদ্রাসাটি রক্ষা করা যাবে না। তিনি অভিযোগ করে বলেন, রংপুর পানি উন্নয়ন বোর্ড সঠিক সময়ে ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, আগে যদি আমরা জানতাম তাহলে ভাঙন রোধে ব্যবস্থা নিতাম।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই