করোনাভাইরাসের কারণে দেশের সর্ববৃহৎ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সর্বসাধারণের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেল ৩টায় বন্ধ করে দেওয়া হয় পল্লীর প্রবেশ পথ।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে দৌলতদিয়া যৌনপল্লীতে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, দৌলতদিয়া যৌনপল্লী অবশ্যই চরম ঝুঁকির মধ্যে ছিল। এনিয়ে কোন সন্দেহ নেই। এ ব্যাপারে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটিতে আলোচনা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, আগামী ৫ এপ্রিল পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লীতে সর্বসাধারনের যাতায়াত বন্ধ করা হয়েছে। এই পল্লীতে তালিকাভুক্ত ১ হাজার ৬শ জন যৌনকর্মী বসবাস করেন। বন্ধকালীন সময়ের জন্য প্রতিজনকে ১৫ কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দু’এক দিনের মধ্যে তা বিতরণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া বন্ধকালীন সময়ে বাড়িওয়ালাদের ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িভাড়া না নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু জানান, পরিস্থিতি বিবেচনায় দৌলতদিয়া যৌনপল্লী বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পল্লীর বাসিন্দাদের মৌলিক চাহিদা কীভাবে পূরণ করা যায় তা বিবেচনা করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শে পরিস্থিতি মোকাবেলা করা হবে।

এমবি