নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ মুক্তিযুদ্ধকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে।
তারা হচ্ছেন- পূর্বধলার জারিয়া ইউনিয়নের বারহা গণকপাড়া গ্রামের হোসেন মৌলভীর ছেলে আবদুর রহমান (৮০) ও ঘাগড়া ইউনিয়নের সুনাইকান্দি গ্রামের আইয়ুব আলীর ছেলে আহাম্মদ আলী (৭৮)। বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হলেও পুলিশ দুপুরের পরে বিষয়টি নিশ্চিত করে।
মুক্তিযুদ্ধের সময় আবদুর রহমান ও আহাম্মদ আলী উপজেলার বিভিন্ন এলাকার লোকজনের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং নির্যাতন চালান বলে অভিযোগ রয়েছে।
উপজেলার বারহা গণকপাড়া গ্রামের আবদুল কাদির ২০১৪ সালের ১১ ফেব্রয়ারি আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থায় তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ নং- ২৯। গ্রেফতার করার পর তাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশ হেফাজতে আছেন।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক দুইজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএইচ





