আইনশৃঙ্খলা রক্ষায় এবার বগুড়ায় পুলিশের সাঁজোয়া বহরে যুক্ত হলো জলকামান। শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন। এর আগে বগুড়ায় পুলিশের বহরে যুক্ত হয় রায়ট কার।

সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান সাগর জানান, সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় পুলিশকে আরও বেশি শক্তিশালী করার লক্ষ্যে নতুন নতুন আধুনিক সরঞ্জাম সরবরাহ করছে সরকার। তারই অংশ হিসেবে সোমবার বগুড়া জেলা পুলিশের কাছে একটি জলকামান হস্তান্তর করা হয়।

শহরের জিরোপয়েন্ট সাতমাথায় জলকামানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন- পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম। এ সময় সাতমাথা চত্বরে কিছু সময় পানি ছিটানো হয়। পরে জলকামান নিয়ে শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেয় পুলিশ সদস্যরা।

বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিকে শান্ত করতে এই জলকামান গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই জলকামান যুক্ত হওয়ার ফলে বগুড়ার পুলিশ এখন যেকোনো বড় ধরনের গোলযোগ খুব অল্প সময়ে শান্ত করতে পারবে।

জেআই