করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৩ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৭ জন।
একইদিনে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত আরও ১ হাজার ৭৩৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৫ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামে তিনজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৭১৯ জন (৭৭ দশমিক ০২শতাংশ) ও নারী ১ হাজার ৪০৮ জন (২২ দশমিক ৯৮ শতাংশ)। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ এবং এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৬৭ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
এমবি





