এ বছরই পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বাতিলের সুস্পষ্ট ঘোষণার জন্য আগামী ১০ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। অন্যথায় আগামী ১২ জুলাই থেকে ১৮ জুলাই সপ্তাহব্যাপী ঢাকার স্কুলে স্কুলে পথ সভা, মতবিনিময়, লিফলেট বিতরণ এবং ২০ জুলাই ঢাকার সব স্কুলের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মোঃ জিয়াউল কবির দুলু এ কর্মসূচি ঘোষণা করেন। একই সাথে ফোরাম স্কুলে কোচিং বাণিজ্য নিষিদ্ধ এবং বেসরকারি স্কুল-কলেজে গভর্নিং বডি নির্বাচনের দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পঞ্চম শ্রেণির পিইসি পরীক্ষার যাতাকলে পিষ্ট হয়ে কোমলমতি শিক্ষার্থীরা বনসাই হয়ে বেড়ে উঠছে, আনন্দময় শৈশব হারিয়ে ফেলছে, শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। মেধা বিকাশের চেয়ে মেধা বিকাশে বাধাগ্রস্থ হওয়ার আশংঙ্খা দেখা দিচ্ছে। এ পরীক্ষা শিক্ষার্থীর বদলে পরীক্ষার্থী বানাচ্ছে এবং এ পরীক্ষা শিশুদের উপর নির্যাতনের সামিল।
লিখিত বক্তব্যে ,আদালতের রায় অনুযায়ী ভিকারুননিছা নূন, মতিঝিল আইডিয়ালসহ যেসব স্কুলে বিশেষ কমিটি রয়েছে সেগুলো বতিল করে প্রজ্ঞাপন জারি ও দ্রুত গভর্নিং বডির নির্বাচন দেয়ার দাবি জানানো হয়। বিশেষ কমিটির সভাপতি পদে এমপিদের নাম বাতিল করে রাজধানী ও বিভাগীয় শহরে বিভাগীয় কমিশনার, জেলায় জেলা প্রশাসক, উপজেলায় ইউএনওকে সভাপতি করে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে এডহক কমিটি গঠন করার জন্য বোর্ড কর্তৃপক্ষকে প্রজ্ঞাপন জারি এবং এডহক কমিটিতে পূর্বের কমিটির কোনো সদস্যকে অন্তর্ভূক্ত করা যাবে না মর্মে বোর্ড কর্তৃক নির্দেশনা জারির আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফোরামের অন্যদের মধ্যে সহসভাপতি সেলিম উদ্দিন, বেলায়েত হোসেন, মতিঝিল আইডিয়ালের এস আই মজুমদার, ভিকারুননিছার দিলারা চৌধুরী, মুগদা আইডিয়ালের শওগত-উল আলম, মাইলস্টোন স্কুলের তানিয়া সাঈদ, উত্তরা হাই স্কুলের শহিদুল ইসলাম, উইলস লিটলের আবুল হোসেন, উদয়ন স্কুলের হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআইএস





