বিভিন্ন মহাসড়কের পাশে অবস্থিত সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিতে আরও একঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এখন থেকে সকাল ৯টা পর্যন্ত গ্যাস নিতে পারবে সিএনজি গ্যাসে চালিত গাড়িগুলো। আগে সকাল ৬টা থেকে ৮টা গ্যাস নিতে পারতো।

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নগরীর সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মহাসড়ক ও চট্টগ্রাম সিটিতে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা বন্ধে কোন ছাড় দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এগুলো বন্ধ না করলে যানজট ও প্রাণহানির ঘটনা বাড়বে।

চট্টগ্রাম সিটিতে পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, আরও চার বছর আপনি ক্ষমতায় থাকবেন বলে আমরা আশা করি। যতদিন দায়িত্বে থাকবেন যশ নিয়ে থাকবেন। মেয়রকে আগে বিলবোর্ড উচ্ছেদের দায়িত্ব দিয়েছিলাম। সেটি তিনি শতভাগ করেছেন।

এজন্য মেয়রকে ধন্যবাদ জানান তিনি। তবে কমিটি গঠনের পর অনেক সময় পার হলেও কোন বৈঠক না করায় ‍দুঃখ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি বলেন, আপনারা এখনো পর্যন্ত কোন সভা করেননি। কখন করবেন বলেন। আজই সিদ্ধান্ত নিন। পরে ২১ সেপ্টেম্বর গণপরিবহন মালিক শ্রমিক ও সিএনজি ট্যাক্সি মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত জানান সিটি মেয়র।

মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্তে অটল রয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, এখানে কোন ছাড় দেওয়া হবে না। তবে অসুস্থ রোগী নিয়ে যাওয়ার সময় যাতে কোন গাড়ি আটকানো না হয়। মানবিক দিক বিবেচনা করে এ সুযোগ দিতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এম এ লতিফ, শামসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ফারুক জলিল, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, বিআরটিএ উপ-পরিচালক মো.শহিদুল্লাহ, সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমএনজে