রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার হাসান আলীর ছেলে। বর্তমানে তিনি ধানমণ্ডির ৭/এ এলাকায় থাকেন।

সোমবার বিকেলে ভিক্টোরিয়া পার্কের সামনে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

জাহাঙ্গীরের ছোট ভাই জালাল উদ্দিন জানান, হাতিরপুল মোতালেব প্লাজার তৃতীয় তলায় তার ভাইয়ে মোবাইলের দোকান আছে। তার ভাই জাহাঙ্গীর সোমবার সাভারে একটি পার্টির কাছে থেকে ২ লাখ টাকা নিয়ে বাসে করে দোকানে ফিরছিলেন।

পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। পরে বাসটি ভিকটোরিয়া পার্কের সামনে আসলে সব যাত্রী নেমে গেলেও তিনি অচেতন অবস্থায় বাসের ভেতর পড়ে ছিলেন।

তিনি জানান, পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালে সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই