ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে ঠিকাদার ও তার ক্যাডাররা।

বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার অলকা নদী বাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম ড.সুব্রত কুমার দে। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তিনি ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে গাঙ্গিনারপাড় এলাকায় আসলে আক্রমন করে ঠিকাদার ও একদল ক্যাডার।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাকার হায়দার কনষ্ট্রাকশন মাটি ভরাটের কাজ করে। গত বৃহস্পতিবার এ ঠিকাদারী প্রতিষ্ঠানের তারেক পারফরম্যান্স সিকিউরিটি বাবদ তার জমা দেয়া ১৬ লক্ষ টাকা ফেরতের জন্য আবেদন করে। এ ঘটনার জের ধরেই সুব্রত কুমার দে’র উপর হামলা চালায় ওই ঠিকাদার ও তার ক্যাডাররা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুল কাদের চৌধুরী বাদী হয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের মোহাম্মদ তারেকসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেছেন কোতোয়ালী মডেল থানায়।

এদিকে শিক্ষকের উপর হামলার খবর ছড়িয়ে পড়লে ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় জমান। এসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলকত শাস্তি দাবি করে ঘটনার তীব্র নিন্দা জানান।

বিশ্ববিদ্যালয় এই শিক্ষককে মারধরের ঘটনায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন ও সমাবেশ আহবান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা।

এআই