কিশোরগঞ্জের ভৈরবে পরিত্যক্ত অবস্থায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোর ৬টার দিকে শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয় এলাকা থেকে এ সব গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার মো. নাজিম উদ্দীন আল আজাদের নেতৃত্বে সকালে ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে একটি পরিত্যাক্ত অন্ধকার জায়গা থেকে ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার মো. নাজিম উদ্দীন আল আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে হয়তো মাদকব্যাবসায়ীরা গাঁজা ফেলে চলে গেছে। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক আট লাখ টাকা। জব্দ করা মালামাল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

জেআই