রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরের ওয়ালবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে রাহাতুল ইসলাম রাব্বি (১০) ও মো হানিফ (০৮) নামে দুই শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাব্বি স্থানীয় হাদিস আলীর ছেলে। তার বাড়ি টাঙ্গাইলের মধুপুর থানার টিকলী গ্রামে। সে বাবা-মা’র সঙ্গে ইব্রাহীমপুর ওয়ালবাড়ি এলাকার আজগর মিয়ার তিনশেড বাড়িতে ভাড়া থাকে।
রাব্বির বাবা জানান, সে মিরপুর-১৪ এর সেনাপল্লি হাইস্কুলের ছাত্র। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী আরেক শিশু হানিফের সঙ্গে স্কুলে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের উপর থেকে ইট পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
অপর শিশু হানিফ একই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। আহত অবস্থায় প্রথমে ঢামেকে আনার পর উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা।
ঢামেকের পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএম





