ময়মনসিংহ জেলার মুক্তাগাছার রামচন্দ্রপুর এলাকায় রোববার রাত আড়াইটার দিকে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এতে ভ্যানে থাকা মুরগির বাচ্চা পুড়ে গেছে। ভ্যানটিও সম্পূর্ণ পুড়ে গেছে।
ভ্যানের চালক আব্দুর রহমান ও এলাকাবাসী জানায়, মুরগির বাচ্চার কাজী ফার্ম লিমিটেডের কাভার্ড ভ্যানটি গাজীপুর থেকে মধুপুর যাচ্ছিল। ভ্যানটি রামচন্দ্রপুর পৌঁছার পর রাত আড়াইটার দিকে ৭/৮ জনের একটি গ্রুপ লাঠিসোটা নিয়ে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় তারা ভ্যানটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। লোকজন আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই মুরগির বাচ্চাসহ ভ্যানটি পুড়ে যায়।
ভ্যানের হেলপার খোরশেদ আলম জানায়, দুর্বৃত্তরা চালক এবং তার গায়েও পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে বাঁচে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশিত করে জানান, গাজীপুর থেকে মুরগির বাচ্চাবোঝাই ভ্যানটি বিভিন্ন স্থানে স্থানে ডেলিভারি দিয়ে রামচন্দ্রপুর নামক স্থানে আসলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে ৩/৪ হাজার বাচ্চা মারা গেছে।দুর্বৃত্তদের চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এএইচ





