বঙ্গোপসাগরের মহিপুর এলাকায় মাছ ধরার ট্রলারের বহরে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় একশ' জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এ ঘটনায় অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ডের দু'টি দল।
কোস্টগার্ড ও ফিরে আসা জেলেরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে ভোর ৪টা পর্যন্ত পূর্ব সুন্দরবনের দুবলারচর, মহিপুর ও হিরন পয়েন্ট থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলে বহরে হামলা ও লুটপাট চালায় জলদস্যুরা।
এসময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে প্রায় একশ' জেলেকে অপহরণ করে জাহাঙ্গির ও ফরহাদ বাহিনীর সদস্যরা।
অপহৃত জেলেদের অধিকাংশের বাড়ি পিরোজপুর, বাগেরহাট, ভোলা ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ডের দু'টি দল ঘটনাস্থলে অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আলাউদ্দিন নয়ন।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





