নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৬০) নামে এক কৃষক খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া বীরগাঁও গ্রামের মৃত মোজাফ্ফর মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, চাঁন মিয়ার সাথে একই গ্রামের আসাদ মিয়ার ছেলে শিপন মিয়ার দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে শিপন মিয়া ও তার সহযোগিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে চাঁন মিয়ার বাড়িতে হামলা চালায়।
এ সময় বাধা দিতে গেলে তারা চাঁন মিয়াকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় চাঁন মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এএইচ





