মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (আইএ) বক্তব্য প্রত্যাহারের জন্য সংস্থাটির সেক্রেটারি জেনারেলকে চিঠি দিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১।

শুক্রবার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১। চিঠিটি পাঠিয়েছেন ফোরামের সেক্রেটারি জেনারেল হারুণ হাবীব।

গণমাধ্যমে ওই চিঠিটি তুলে ধরে হারুণ বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করেছে। কেননা, তারা মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ের উপর বিবৃতি দিয়েছে।

আইএ’র-এ সেক্রেটারি জেনারেল সলীল শেঠীর কাছে লেখা ওই চিঠিতে বলা হয়েছে-অ্যামনেস্টি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল নয়। যেখানে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন এবং ৫ লাখ নারী ধর্ষণের শিকার হয়েছেন। পশ্চিমা বিশ্বের দেখানো পথেই মানবতাবিরোধী অপরাধের বিচার করেছে। কেননা, তারাও নুরেমবার্গ ট্রায়াল ও টোকিও ট্রায়াল করেছে।

তাই আইএ’র বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে চিঠিতে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী, লে.জে. এম হারুণ-অর রশীদ, আনোয়ার উল আলম শহীদ, সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান। 

এমএইচ