নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, নৌপথে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করে না। এধরনের কোন লঞ্চ পাওয়ামাত্র ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ কথা বলেন।
তিনি বলেন, নৌপথে ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলাচল করতে দেওয়া হয় না। চলতি বছরের জুলাই পর্যন্ত দেশে ১০ হাজার ১৪৩টি রেজিস্ট্রেশনকৃত নৌযান রয়েছে। এর বাইরে লঞ্চ মালিকগণ যদি কর্তৃপক্ষের অগোচরে ফিটনেসবিহীন লঞ্চ পরিচালনা করে, তবে তথ্য পাওয়া মাত্র তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন,ফিটনেসবিহীন লঞ্চে যাত্রী পরিবহন রোধে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ এবং সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।
এই টিম ঢাকা নদী বন্দরের টার্মিনালে অধিক যাত্রীবহন রোধে এবং লঞ্চে জীবন রক্ষাকারী সরাঞ্জামাদিসহ সার্ভে অনুযায়ী মাস্টার ও ড্রাইভার যথাযথ আছে কি না তা নিশ্চিত করে।
তিনি বলেন, ঈদের পূর্বে ও পরে মনিটরিং ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক ঈদ প্যাসেঞ্জার ম্যানেজম্যান্ট প্ল্যান নামে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য প্রতিটি বন্দরে ঈদের পূর্বে ও পরে কন্ট্রোল রুম চালু করা হয়।
ঢাকা,১৫ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এসআর





