রাজবাড়ীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তিনটি নতুন ইউটিলিটি ফেরি উদ্বোধনের পরদিনই দুটি ফেরি অচল হয়ে গেছে।
শনিবার বিকেলে রজনীগন্ধা-৭ ও শাপলা-শামুক-৯ নামে ফেরি দুটি বিকল হয়ে যায়। পাটুরিয়া ভাসমান কারখানায় এখন তা মেরামতের কাজ চলছে।
অপরদিকে উদ্বোধনকৃত চন্দ্র মল্লিকা নামে অপর ফেরিটি খান ব্রাদার্স এন্ড শিপইয়ার্ডে এখনো নির্মাণাধীন রয়েছে।
বিআইডব্লিউটিসির প্রকল্প পরিচালক মো. জিয়াউল ইসলাম জানান, শাপলা-শালুক-৯ ফেরির জেনারেটরসহ কিছু ত্রুটি আছে, সেগুলো ঠিক করতে পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামত কাজ চলছে। আর রজনীগন্ধা ফেরি বিকল হয়ে পাটুরিয়ার ইউটিলিটি ফেরি ঘাটে পড়ে আছে। যা শনিবার বিকাল পর্যন্ত সচল করা সম্ভব হয়নি। নির্মাণাধীন চন্দ্র মল্লিকা কাজ শেষ পর্যায়ে আজকালের মধ্যে চলে আসবে বলে জানান তিনি।
পাটুরিয়া ঘাটের ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা জানান, বিকল ফেরি দুটি মেরামতের জন্য নারায়নগঞ্জ থেকে নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা আসবে। তারা আসলেই ফেরি দুটি সচল করা সম্ভব হবে।
জানা গেছে, সম্প্রতি বনলতা নামে একটি ইউটিলিটি ফেরি উদ্বোধনের পরই দুর্ঘটনা কবলিত হয়। সেটিও পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামত চলছে।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনটি ফেরির উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ১৮০ মেট্টিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রতিটি ফেরিতে ছয়টি বাস অথবা ৯টি ট্রাক পারাপার হতে পারবে। ফেরি তিনটি খান ব্রাদার্স এন্ড শিপইয়ার্ড ২১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে।
ঈদে ঘরমুখো মানুষের পারাপার সহজ করতেই তিনটি নতুন ফেরি উদ্বোধন হলেও চন্দ্র মল্লিকা নামে একটি কারখানাতে রয়েছে। আর রজনীগন্ধা, শাপলা-শালুক উদ্বোধনের পরই বিকল। দৌলদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরির কার্যাদেশ দেওয়া হলেও ১১টি ফেরি সচল রয়েছে।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





