চাঁপাইনবাবগঞ্জে বখাটেদের অত্যাচারে অতিষ্ট হয়ে বখাটে ঠেকাতে হাতে লাঠি তুলে নিয়েছে একদল সচেতন অভিভাবক।
মঙ্গলবার দুপুরে অভিভাবকদের সহায়তায় চার বখাটেকে ধরেছে সদর মডেল থানা পুলিশ।
জানা গেছে, মেয়েদের স্কুল-কলেজ শুরু ও ছুটির সময় শহরের মোড়ে মোড়ে বখাটেদের তৎপরতা বেড়ে গেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হয়। কিন্তু এতে পরিস্থিতির কোনো উন্নতি না হয়ে আরও অবনতির দিকে যাচ্ছিল।
গতকাল সোমবার নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটির সময় বেলা ১২টার দিকে একদল বখাটে এক ছাত্রীর হাত ধরে টানাটানি করে। বিষয়টি তাৎক্ষণিক জানতে পেরে কয়েকজন অভিভাবক এক বখাটেকে ধরে উত্তম মধ্যম দেয় এবং মঙ্গলবার সকাল থেকে একদল সচেতন অভিভাবক হাতে লাঠি নিয়ে স্কুলের মোড়ে অবস্থান নেয়।
সদর মডেল থানা পুলিশ তাদের সঙ্গে যোগ দিয়ে চার বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, অভিভাবকদের ডেকে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





