কক্সবাজারের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা থেকে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় ওই ট্রলারের ৫ মাঝি-মাল্লাকে আটক করা হয়। জব্দ করা হয় ইয়াবা বহনকারী ট্রলারটিও।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা সোমবার রাত ১টার দিকে সমুদ্র সৈকতের কলাতলীর ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এ অভিযান চালায়।
আটকরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে মোহাম্মদ সিরাজ (৪৮), মৃত আবদুল কাদেরের ছেলে মফিজুল ইসলাম (৪৪), লেদু মিয়ার ছেলে আবদুর রহিম (৪০), মৃত মাহবুব আলীর ছেলে মাহমুদ হোসেন (৪৫) ও আইয়ুব আলীর ছেলে আবদুল গফুর (৩৩)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) শরাফত ইসলাম মঙ্গলবার জানান, মিয়ানমার থেকে একটি ট্রলারে ইয়াবার বড় চালান আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়।
এ সময় ট্রলারটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। ট্রলার থেকে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় ৫ জন মাঝি-মাল্লাকে। এ ছাড়া ট্রলারটিও জব্দ করা হয়।
শরাফত ইসলাম আরও বলেন, ‘এ সবের নেপথ্যে একটি সংঘবদ্ধ গডফাদার চক্র রয়েছে। আমরা তাদের ব্যাপারেও খোঁজ নিচ্ছি। মামলার পর তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
এমকে





