পোস্তগোলার কাছে শ্মশানঘাটসংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে একটি অত্যাধুনিক লঞ্চ টার্মিনাল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছে নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান।

শুক্রবার রাজধানীর সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য (প্রকৌশল) মফিজুল হক, প্রধান প্রকৌশলী (সিভিল) মজিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত বাকল্যান্ড বাঁধের উপর ২ দশমিক ৫০ কিলোমিটার আরসিসি রাস্তা, ড্রেন, তীররক্ষা বাঁধ ও স্পাড নির্মাণের কাজ এ বছরের মে মাসে শুরু হয়। কাজটি শেষ করতে বিআইডব্লিউটিএর প্রায় বিশ কোটি টাকা ব্যয় হবে। রাস্তার উন্নয়নকাজ সম্পন্ন হলে সদরঘাট টার্মিনাল এলাকায় যানজট হ্রাস ও যাত্রী চলাচলের সুবিধা হবে।

কেএইচ