ঘন কুয়াশার কারণে মা‌নিকগ‌ঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে সা‌ড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরিসহ সব নৌযান চলাচল শুরু রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম না‌ছির মোহাম্মদ চৌধুরী জানান, নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে গতকাল শুক্রবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কেটে গেলে সকাল ১০টা থেকে ফের ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল বন্ধ করার সময় যাত্রী ও যানবাহনবোঝাই পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। আর পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের চার শতাধিক যানবাহন আটকে পড়ে। এই চরম শীতে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি পন্টুন ও এর আশপাশে বেঁধে রাখা ছিল। কুয়াশার তীব্রতা কাটার পর অগ্রাধিকার ভিত্তিতে আটকেপড়া সব যানবাহন পারাপার শুরু হয় বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।

জেড