ভারী বর্ষণে বিরামপুরের ভাটিতে ভারতীয় সীমান্তের সুইচ গেট বন্ধ থাকায় শতাধিক একর জমির ফসল তলিয়ে গেছে। সোমবার ভারতীয় কর্তৃপক্ষ সুইচ গেটের সবকটি দরজা খুলে দেওয়ায় পানি নামতে শুরু করেছে।
গত তিনদিন ধরে বিরামপুরে ভারী বর্ষণ চলছে। কৃষি দপ্তর গত ২৪ ঘন্টায় এখানে ১৬৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহ্ আলম জানান, ভারী বর্ষণের ফলে উপজেলার ভেলারপাড়, কসবা সাগরপুর ও আশুড়ার বিলে পানির স্ফিতি বেড়ে শতাধিক একর জমির রোপা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষকদের দাবী তলিয়ে যাওয়া জমির পরিমান দিগুণের অধিক।
সীমান্তবর্তী কসবাসাগরপুর ও ভেলারপাড় বিলের ভাটিতে ভারতের জামালপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সাত দরজা বিশিষ্ট একটি সুইচগেট রয়েছে। চলতি বর্ষণের সময় ঐ সুইচ গেটের দু’টি দরজা খোলা রেখে ৫টি দরজা বন্ধ করে রাখায় সীমান্তের এপারের ফসলী জমি পানির নিচে তলিয়ে যায়।
বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশে’র ভাইগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার নূরে আলম সীমান্তের ওপারের ভীমপুর বিএসএফ ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন। পানির স্ফিতিতে বাঁধের ক্ষতির আশংকায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) সোমবার (২২ সেপ্টেঃ) সকালে তাদের সুইচ গেটের অবশিষ্ট ৫টি দরজা খুলে দিয়েছে।
সবকটি দরজা খুলে দেয়ায় প্রবল বেগে পানি নামতে শুরু করেছে। কৃষকদের আশংকা ঐ গেটে দিয়ে বিপুল পরিমাণ পানি নামতে কয়েকদিন লেগে যেতে পারে। এতে ফসলের ব্যাপকক্ষতি হবে। কৃষি দপ্তর জানিয়েছে, ২/১ দিনের মধ্যে পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবেনা।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





