জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের উৎপাদন ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য উৎপাদন বন্ধের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মোছাব্বেরুল ইসলাম কারখানার কাগজ উৎপাদন বন্ধ থাকার কথা নিশ্চিত করে বলেন, ‘কিছু ত্রুটির জন্য দীর্ঘ সময় ধরে কেপিএমে কাঙ্ক্ষিত পরিমাণ কাগজ উৎপাদন করা যাচ্ছিল না। ত্রুটির কারণে দিন দিন কেপিএমের উৎপাদন কমছিল। তাই কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামতের জন্য ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সকল প্রকার কাগজ উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।’
কেপিএমের মহাব্যবস্থাপক (এমটিএস) প্রকৌশলী বিনয় প্রকাশ চাকমা বলেন, ‘স্টিম টারবাইন জেনারেটরের ফার্নেস কন্ডেন্সারের টিউব লিকেজ হওয়ায় জেনারেটরের উৎপাদন ক্ষমতা ১৫ মেগাওয়াটের জায়গায় ৫ মেগাওয়াটে নেমে আসে। সারফেস কন্ডেন্সারটিতে লিকেজের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন একেবারে বন্ধ হয়ে যাবে। সারফেস কন্ডেন্সারের ৩ হাজার ৩৫০টি টিউবের মধ্যে জরুরি ভিত্তিতে কমপক্ষে ১ হাজার ৮৫০টি টিউব পরিবর্তন করতে হবে। কেপিএমের উৎপাদন অব্যাহত রেখে টিউব পরিবর্তন করা যাবে না বিধায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ সময় অন্যান্য জরুরি মেরামতের কাজও সম্পন্ন করা হবে।’ মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর কেপিএমের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এএইচ





