মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বড় মোকাম বাজারসংলগ্ন এলাকায় একটি জমিতে কমিউনিটি সেন্টার নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
ঘটনার সত্যতা স্বীকার করে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল রাত ১টার দিকে জানান, উপজেলার গাওদিয়া ইউনিয়নের বড় মোকাম বাজারসংলগ্ন একটি খাস জমিতে শুক্রবার রাত ৭টায় একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করতে ইট বালি নিয়ে রাখা হয় জমিতে।
কিন্তু এলাকার অপর একটি পক্ষ দীর্ঘদিন ধরে এই খাস জমিটি দখল করে ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে।
এসময় গাওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব আলম হিমু শিকদার কমিউনিটি সেন্টারের পক্ষে কথা বলতে গেলে তার ওপর হামলা চালায় অপর পক্ষের জাহিদ দেওয়ানের লোকজন।
হামলার খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাত ৭টা থেকে শুরু হয় দুই গ্রুপের মুখোমুখি হামলা-পাল্টা হামলা ও ককটেল বিস্ফোরণ।
লৌহজং থানার এসআই হাফিজুর রহমান জানান, এলাকার মাহবুব আলম হিমু শিকদার, সুকেল শেখ, লিটন বেপারী, নয়ন শেখসহ অন্তত ২০ জন আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
লৌহজং থানার ওসি রেজাউল আরো জানান, হামলা-সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এসআই হাফিজুর রহমান গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকা শান্ত রয়েছে বলে লৌহজং থানা-পুলিশ জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টার দিকে পুলিশ বাদী হয়ে গাড়ি ভাঙচুরসহ ২৬ জনকে আসামি করে মোট দুটি মামলা করেছে।
এএইচ





