করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৩০ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৪৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ।
মঙ্গলবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৪৫৪টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৩২টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ৬৭ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
করোনায় মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে একজন, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন এবং ষাটোর্র্ধ্ব ১৬ জন রয়েছেন।
এমবি





