রাজধানীর তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় তানিয়া (১৩) নামে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তানিয়া শাহিনবাগের ৪৪৪/১/এ নং ফুলদল ভবনের তৃতীয় তলায় মান্নান সাহেবের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার গ্রামের বাড়ি রংপুরে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, বুধবার আত্মহত্যার ঘটনা জানা জানির আধাঘন্টা পূর্বে সে চানাচুর বিস্কুট কিনতে দোকানে এসেছিল। পরে বাসায় উঠে তানিয়া। এর কিছু পরেই একটি এম্বুলেন্স ওই বাসার নিচে এলে উৎসুক মানুষের ভিড় দেখে আমরাও সেখানে যাই। এসময় সেখানে তেজগাঁও থানার পুলিশও উপস্থিত ছিলো তবে লাশকে নামিয়েছেন এ ব্যাপারে বাসার কেউই মুখ খুলছেন না।

বাড়ির কেয়ার টেকার আইয়ুব লাশ নামিয়েছে বলে ওই বাসার ভাড়াটিয়ারা জানিয়েছেন। লাশের প্রত্যক্ষদর্শীরা জানান, তানিয়ার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ ব্যাপারে তেজগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তার মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ